‘ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হবে প্রথম আলো’
ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশের প্রধান বাংলা দৈনিক প্রথম আলো। প্রথম আলোর ভবিষ্যৎ লক্ষ্য কী এবং একে টেকসই পরিকল্পনা বিষয়ক প্রশ্নের জবাবে দৈনিকটির সম্পাদক মতিউর রহমান বলেছেন, ‘আমাদের লক্ষ্য ডিজিটাল প্রথম। কিন্তু ছাপা পত্রিকাও গুরুত্বপূর্ণ। আমরা একটি ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হতে চাই। তবে অবশ্যই আমরা সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে এগোব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই।’
‘ডিজিটাল মাধ্যমে রূপান্তরই আগামী দিনে বাংলাদেশের সংবাদমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলেও মনে করেন তিনি।
শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এমন অভিপ্রায়ের কথা তুলে ধরেন প্রথম আলো সম্পাদক।
বিশ্ববিদ্যালয়টির মিডিয়া অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যম: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান। সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রথম আলো ১৯৯৮ সালে ১০৯ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে কর্মীর সংখ্যা ১ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। প্রথম আলো নিজের আয় দিয়ে এ পর্যন্ত ১০টি সংস্থা গড়ে তুলেছে।
ডিজিটাল–মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত জনপ্রিয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রথম আলো একটি পত্রিকা হিসেবে কতটুকু টিকে থাকবে প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে ছাপা পত্রিকার বিক্রি কমে আসছে। কোভিডের সময়ে তা আরও কমে যায়। আর ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা বাড়তে থাকে। তাই আমরা এখন ডিজিটাল মাধ্যমে রূপান্তরকে দেশের গণমাধ্যমের সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করি।
বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক কথা শিরোনামে মাসিক আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে প্রথম এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মিডিয়া ও জার্নালিজম কোর্সের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে তৌফিক এম হক সেমিনারে সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের শিক্ষক রিজওয়ান-উল-আলম। সভাপতিত্ব করেন উপাচার্য আতিকুল ইসলাম।







